কুড়িগ্রামের কচাকাটা থানাধীন চরাঞ্চলে কৌশলগত অভিযান চালিয়ে ৮৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক কারবারি মোঃ দুলু মিয়াকে (৪৮) গ্রেফতার করেছে কচাকাটা থানা পুলিশ। গ্রেফতার হওয়া দুলু মিয়া নারায়ণপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চৌদ্দঘুড়ি এলাকার বাসিন্দা। তবে পুলিশি উপস্থিতি টের পেয়ে চক্রটির অপর দুই সদস্য একই এলাকার মোঃ হানিফ মিয়া (৩৮) ও মোঃ জাকির আলী (৩৬) সীমান্ত পেরিয়ে পালিয়ে যান।
কচাকাটা থানা সূত্রে জানা যায়, ভূরুংগামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের সার্বিক নির্দেশনা ও প্রযুক্তির সহায়তায় চক্রটির অবস্থান নিশ্চিত করা হয়। এর ওপর ভিত্তি করে গতকাল পুলিশ সদস্যরা সারাদিন নদীতে জেলের ছদ্মবেশে পর্যবেক্ষণ চালান। পরে রাত ১১টার দিকে দূর্গম চর নারায়ণপুরে ঝটিকা অভিযান চালিয়ে ইয়াবাসহ দুলু মিয়াকে হাতেনাতে আটক করা হয়।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার বিশ্বাস জানান, চরাঞ্চলের ভৌগোলিক দুর্গমতাকে কাজে লাগিয়ে চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক চোরাচালান পরিচালনা করে আসছিল। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতকদের বিষয়ে সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন জানান, সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে এবং পলাতক আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।