পিরোজপুরের কাউখালী উপজেলায় যৌথ বাহিনীর চেকপোস্ট অভিযানে মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে কাগজপত্রবিহীন তিনটি মোটরসাইকেলের বিরুদ্ধে পৃথক মামলায় মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গত ৩০ জানুয়ারি শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার ৫ নং শিয়ালকাঠি ইউনিয়নের চৌরাস্তা মোড়ে চেকপোস্ট স্থাপন করে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করে।
অভিযান চলাকালে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় বরিশাল-টু- পিরোজপুরগামী মুন্না পরিবহনের বাসচালক হান্নান মৃধা (৪৩)-এর শরীর তল্লাশি করে নেশাজাতীয় মাদক গাঁজা উদ্ধার করা হয়। পরে কুয়াকাটা-টু-খুলনাগামী একটি বাসের যাত্রী উজ্জ্বল হাওলাদার (৩০)-কে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করলে তার কাছ থেকেও কাগজে মোড়ানো গাঁজা উদ্ধার হয়।
পরে মাদকসহ আটক দুইজনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাউখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া চেকপোস্ট চলাকালে কাগজপত্রবিহীন তিনটি মোটরসাইকেল জব্দ করে পৃথক তিনটি মামলায় মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয় এবং যানবাহনগুলো থানায় আটক রাখা হয়েছে।
অভিযান পরিচালনা করেন কাউখালীতে নিয়োজিত সেনাবাহিনীর অপারেশন কমান্ডার লেফটেন্যান্ট মোয়াজ, অপারেশন জেসিও সিনিয়র ওয়ারেন্ট অফিসার আনোয়ার হোসেন এবং কাউখালী থানার এসআই মাসুদ।
দায়িত্বশীল সেনা কর্মকর্তা জানান,জাতীয় নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু নির্বাচন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধ,সন্ত্রাস, চাঁদাবাজি,অবৈধ অস্ত্র ও কাগজবিহীন যানবাহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।