আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) সংসদীয় আসনে হেভিওয়েট ও প্রবীণ নেতা বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের সাথে প্রতিদ্বন্দ্বীতা করতে এনসিপি’র বিদ্রোহী ১জন স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের ১১জন প্রার্থী নির্বাচনের মাঠে নেমেছেন।
গত ২৯ ডিসেম্বর সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকেল ৫টা পর্যন্ত তারা কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা, কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. ইয়াসিন খন্দকার এবং ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কে.এম. মামুনুর রশীদ এর নিকট পৃথক ভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
তারা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ভৈরব উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মুছা খান (হাতপাখা), বৃহত্তর সুন্নী জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী আহলে সুন্নাত ওয়াল জামাআত কেন্দ্রীয় পরিষদের নির্বাহী সদস্য ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন (মোমবাতি), বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সহকারী মহাসচিব আতাউল্লাহ আমীন (রিকশা), খেলাফত মজলিস মনোনীত প্রার্থী খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম (দেয়াল ঘড়ি), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে নাঈমুল হাসান (আপেল), বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত কুলিয়ারচর উপজেলা কমিটির সভাপতি ডা. মোহাম্মদ হাবিল মিয়া (কাস্তে), জাতীয় পার্টি থেকে মনোনীত মোহাম্মদ আয়ূব হুসেন (লাঙ্গল), গণফোরাম থেকে মনোনীত শাফি উদ্দিন আহাম্মদ (উদীয়মান সূর্য), ন্যাশনাল পিপলস পার্টি (এনসিপি) থেকে মো. নজরুল ইসলাম (শাপলা কলি) ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ন্যাশনাল পিপলস পার্টি (এনসিপি)’র জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শরিফুল হক জয়।
এদিকে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্দেশনায় ভৈরব উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কবির হোসাইন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আতাউল্লাহ আমীনকে রিকসা প্রতীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। মাওলানা কবির হোসাইন মনোনয়নপত্র জমা দেননি। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব উপজেলা আমায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আব্দুল মতিন।
কুলিয়ারচর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শরিফুল ইসলাম জানান, এ আসনে মোট ভোটার সংখ্যা ১লাখ ৭০ হাজার ৬৬১জন। এদের মধ্যে নারী ভোটারের সংখ্যা ৮৩ হাজার ৮শত ৯০ জন ও পুরুষ ভোটারের সংখ্যা ৮৬ হাজার ৭৬৯জন। এছাড়া হিজরা ভোটার ২জন। মোট ভোট কেন্দ্র ৫৬টি।