ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এ কুড়িগ্রাম-২ আসন থেকে নির্বাচিত ড. আতিক মুজাহিদ-এর গেজেট প্রকাশের পর রাজনৈতিক ঐক্য ও সম্মানজনক রাজনীতির প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ড. আতিক মুজাহিদ লেখেন— “আলহামদুলিল্লাহ, গেজেটেড।” একই সঙ্গে তিনি কুড়িগ্রামে বিভাজনের রাজনীতি পরিহার করে সম্মান, উন্নয়ন ও ইনসাফভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার করেন।
পোস্টে তিনি বলেন, দল-মতের ঊর্ধ্বে উঠে ঐক্যের পথে এগিয়ে কুড়িগ্রামকে পারস্পরিক শ্রদ্ধা ও সুস্থ রাজনৈতিক চর্চার মডেল হিসেবে গড়ে তোলা হবে। এ ক্ষেত্রে পরাজিত প্রার্থী ও বিএনপি সমর্থিত সোহেল হোসনাইন কায়কোবাদ-এর সহযোগিতার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
ড. আতিক মুজাহিদ আরও উল্লেখ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কুড়িগ্রামের ভবিষ্যৎ নির্মাণ সম্ভব হবে—এই বিশ্বাস থেকেই তিনি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান।
উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রার্থী হিসেবে কুড়িগ্রাম-২ আসনে বিজয়ী হওয়া ড. আতিক মুজাহিদের এই বক্তব্য স্থানীয় রাজনীতিতে ইতিবাচক আলোচনা সৃষ্টি করেছে বলে রাজনৈতিক মহল মনে করছে।