গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশনে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকার সঙ্গে ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
যাত্রীরা জানান, বিকেল ৪টার দিকে ময়মনসিংহ থেকে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেন শ্রীপুরের কাওরাইদ স্টেশনে পৌঁছায়। স্টেশন ছাড়ার মুহূর্তে হঠাৎ ইঞ্জিনে বিকট শব্দ হয়। এরপর গতি কমে আসে এবং ইঞ্জিন থেকে ছিটকে পড়া মবিল যাত্রীদের গায়ে লাগে। এতে ট্রেনের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শামীম জানান, হঠাৎ করেই ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহ অঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। বিকল্প ইঞ্জিন পাঠানোর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ইঞ্জিন বিকলের কারণে আশপাশের বেশ কয়েকটি স্টেশনে ট্রেনগুলোকে থেমে থাকতে হচ্ছে। রেল যোগাযোগ স্বাভাবিক করতে রেলওয়ে কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে কাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৬টা) ট্রেন চলাচল বন্ধ রয়েছে।