শরীয়তপুর গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব সরদারের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে। বাতিল হওয়া মক্তিযোদ্ধা রব সরদার উপজেলার সামন্তসার ইউনিয়নের চর সামন্তসার গ্রামের মৃত মোবারক আলী সরদারের ছেলে।
মুক্তিযোদ্ধা হিসাবে দেওয়া স্বীকৃতি অবৈধ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। ২৪ ডিসেম্বর এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। এর আগে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায় এ যাচাই-বাছাই কার্যক্রম অব্যাহত থাকবে। ভবিষ্যতেও কারো ভুয়া পরিচয়ে মুক্তিযোদ্ধার স্বীকৃতি নেওয়ার প্রমাণ পেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে সামন্তসার ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রব সরদারের সাথে যোগাযোগ করার চেষ্টায় তার মুঠোফোনে কল দিলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।