ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) বিকালে কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আজমুল হক।
মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রশাসনের দায়িত্ব ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা এবং নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আজমুল হক বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে মাঠ প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল কর্মকর্তাকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সভায় উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীম, কাপাসিয়া থানার ইন্সপেক্টর তদন্ত জোবায়ের আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আউলিয়া খাতুন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা একে এম আতিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধান অতিথি এবং নির্বাচনসংক্রান্ত বাস্তব চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে মতবিনিময় করেন।