হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অনুমতি ছাড়া কৃষিজমি থেকে এক্সকাভেটর (ভ্যাকুয়াম মেশিন) দিয়ে মাটি কাটার অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার দীঘলবাক ইউনিয়নের বোয়ালজুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বোয়ালজুর গ্রামের শাহীন মিয়ার মালিকানাধীন ধানী জমিতে এক্সকাভেটর মেশিন দিয়ে পুকুর খননের কাজ চলছিল। অভিযানকালে জমির শ্রেণি পরিবর্তনের প্রমাণ পাওয়া গেলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর ৭(ক) ধারায় এ অপরাধে জড়িত খুর্শেদ মিয়া (পিতা সবুর মিয়া) দোষ স্বীকার করেন। পরে আদালত তাকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাসেম বলেন, ‘কৃষিজমি নষ্ট করে অনুমতি ছাড়া মাটি কাটা বা শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।’