হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়ার প্রধান নির্বাচনি কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে নবীগঞ্জ শহরের শেরপুর রোডে ফিতা কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে কার্যালয় উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মতিউর রহমান পেয়ারা, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেফু, পৌরসভার সাবেক মেয়র আলহাজ ছাবির আহমেদ চৌধুরী, যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি এম এ রহিম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সরফরাজ চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী, প্রবাসী বিএনপি নেতা তুহিন আহমেদ চৌধুরী এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
ড. রেজা কিবরিয়া উদ্বোধনী বক্তব্যে বলেন, “এই নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য নয়, বরং জনগণের হারানো ভোটাধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। নবীগঞ্জ-বাহুবলের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। আমাদের লক্ষ্য এই এলাকার সমগ্র সুষম উন্নয়ন নিশ্চিত করা।”তিনি আরও জানান, শেরপুর রোডের এই কার্যালয় হবে তৃণমূল নেতাকর্মীদের মিলনমেলা এবং নির্বাচনি প্রচারের মূল কেন্দ্র।
স্থানীয় বিএনপি নেতারা জানান, ড. রেজা কিবরিয়ার প্রার্থিতা এলাকায় ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। ধানের শীষ প্রতীকের পক্ষে ভোটারদের মধ্যে যে গণজোয়ার তৈরি হয়েছে, তা আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে প্রতিফলিত হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।
উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় কামনা করে একটি বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে শেরপুর রোড থেকে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
দলীয় সূত্রে জানানো হয়েছে, নব-উদ্বোধিত এই কার্যালয় থেকেই পুরো নির্বাচনি এলাকার সাংগঠনিক ও প্রচার কার্যক্রম পরিচালনা করা হবে।