হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা–সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ২৮ দিন বয়সী নবজাতক মারিয়া মারা গেছেন। এ ঘটনায় শিশুটির মা জেসমিন বেগম আহত হয়েছেন।
নিহত শিশুটি উপজেলার বাউশা ইউনিয়নের বাশডর গ্রামের অনিক আহমেদের কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেল ৪টার দিকে জেসমিন বেগম নবজাতক কন্যাকে নিয়ে আউশকান্দি বাজার থেকে চিকিৎসা শেষে টমটমযোগে বাড়ি ফিরছিলেন। পথে সদরঘাট নতুন বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজি অটোরিকশা ওভারটেক করার সময় একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে টমটমের পেছনে ধাক্কা দেয়। এতে মায়ের কোলে থাকা নবজাতক মারিয়ার মাথায় গুরুতর আঘাত লাগে এবং জেসমিন বেগমও আহত হন।
স্থানীয়রা আহত মা-মেয়েকে উদ্ধার করে আউশকান্দি বাজারে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট নেওয়ার পথে তাজপুর এলাকায় পৌঁছালে শিশুটির নড়াচড়া বন্ধ হয়। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক মারিয়াকে মৃত ঘোষণা করেন।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নবজাতকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দুর্ঘটনাটি অত্যন্ত দুঃখজনক উল্লেখ করেছেন এবং মহাসড়কে যানবাহনের অতিরিক্ত গতি ও অটোরিকশার অসতর্কতা সমস্যার কারণ হিসেবে চিহ্নিত করেছেন।