হবিগঞ্জের নবীগঞ্জে সরকারি খাস জমি উদ্ধার অবৈধ দোকান-টিনের ঘর উচ্ছেদ, ১৭ শতক জমি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বাউসা ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
উপজেলা প্রশাসন বাউসা মৌজার (জেএল নং–১৫৯) সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় জেলা উচ্ছেদ মামলা নং ০৬/২৪-২৫ এর আদেশ মোতাবেক এ অভিযান সম্পন্ন হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম অভিযানটি নেতৃত্ব দেন। অভিযানে ১নং সরকারি খাস খতিয়ানের ১১৬৬ ও ১১৬৭ নং দাগে গড়ে ওঠা অবৈধ দোকান ও টিনের ঘরের কাঠামো গণ্যমান্য ব্যক্তি ও পথচারীদের উপস্থিতিতে ভেঙে ফেলা হয়।
অভিযান শেষে প্রায় ১৭ শতক সরকারি খাস জমি দখলমুক্ত করে বাংলাদেশ সরকার পক্ষে জেলা প্রশাসক, হবিগঞ্জ-এর মাধ্যমে নবীগঞ্জ সদর ভূমি উপ-সহকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নবীগঞ্জ থানা পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম দায়িত্ব পালন করে।
প্রত্যয় হাশেম বলেন, “সরকারি খাস জমি দখলমুক্ত রাখা আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। সরকারি সম্পত্তি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”