ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নরসিংদীর রায়পুরা উপজেলার মাহমুদাবাদ এলাকায় বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের জন্মস্থান মতিউরনগরের প্রবেশপথে নির্মিত “বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ম্যুরাল” ভেঙে ফেলার একটি ভিডিও ও ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
স্থানীয়রা কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে সামাজিক মাধ্যমে পোস্ট দিতে শুরু করেন, কেউ আবার ধারণা করেন- ম্যুরাল টি হয়তো স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে। এতে বিষয়টি ঘিরে এলাকায় বিভ্রান্তি তৈরি হয় এবং অনেকেই প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।
তবে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাসুদ রানা বলেন, সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় নরসিংদী অংশে মহাসড়কের ৬৪তম কিলোমিটার এলাকায়, রায়পুরা উপজেলার মাহমুদাবাদ মৌজায়, ঢাকা থেকে সিলেটগামী সড়কের ডান পাশে, সড়ক ও জনপথ বিভাগের সওজ ভূমিতে অবস্থিত ‘বীরশ্রেষ্ঠ মতিউরনগর’ শীর্ষক স্থাপনাটি সাময়িকভাবে অপসারণ করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে ক্ষতিপূরণের অর্থ উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক, রায়পুরা উপজেলা পরিষদের অনুকূলে হস্তান্তর করা হয়েছে। সেই অর্থ ব্যবহার করে আগামীকাল থেকেই একই স্থানে অনুরুপ ম্যুরাল নির্মাণ কাজ শুরু হবে।
তিনি আরও বলেন, আমরা চাই, জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি যেন আরও মর্যাদার সঙ্গে সংরক্ষিত থাকে।
স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীরাও প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কারণে স্থানান্তর প্রয়োজনীয় হলেও, প্রশাসনের দ্রুত পদক্ষেপে নতুন ম্যুরাল নির্মাণের খবর শুনে তারা আশ্বস্ত হয়েছেন।রায়পুরা উপজেলার কয়েকজন প্রবীণ মুক্তিযোদ্ধা বলেন, প্রথমে যখন শুনলাম ম্যুরাল টা ভেঙে ফেলা হয়েছে, তখন কষ্ট পেয়েছিলাম। কিন্তু পরে জানতে পারি, এটি পুনর্নির্মাণের কাজ শিগগিরই শুরু হচ্ছে। এটি আমাদের জন্য স্বস্তির খবর।
প্রসঙ্গত, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের জন্ম নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের (সাবেক রামনগর) মতিউরনগরে। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা ও দেশপ্রেমের পরিচয় দিয়ে শহীদ হন। দেশের স্বাধীনতার ইতিহাসে তিনি বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত সাতজন বীর মুক্তিযোদ্ধার একজন।
তার স্মৃতিকে অম্লান রাখতে স্থানীয় প্রশাসনের উদ্যোগে মহাসড়কের পাশে যে ম্যুরাল নির্মিত হয়েছিল, সেটিই বর্তমানে পুনর্নির্মাণের প্রক্রিয়ায় রয়েছে।
এলাকাবাসী আশা করছেন, দ্রুতই নতুন ম্যুরাল টি উদ্বোধনের মাধ্যমে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিকে আরও গৌরবের সঙ্গে ধারণ করবে মতিউরনগর।