পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় বহিষ্কৃত ছাত্রদল আহ্বায়ক মাহফুজুল ইসলাম উজ্জল ও তার সহযোগীদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সোমবার(২৩ফেব্রুয়ারি)সকাল ১১টায় উপজেলা সদরের শহীদ মিনার সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন,উজ্জল ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি,জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখল এবং নানা অসামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। এতে এলাকার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে বলে দাবি করেন তারা।
কর্মসূচিতে নারী-পুরুষ,ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, এলাকায় শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ন করতে না পারে।
অভিযুক্ত মাহফুজুল ইসলাম উজ্জল অভিযোগ অস্বীকার করে বলেন,জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরেই তার বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে। উপজেলা বিএনপির নেতারা জানান,তিনি আগেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)থেকে বহিষ্কৃত হয়েছেন এবং তার কর্মকাণ্ডের দায় দল নেবে না।