কিশোরগঞ্জের ভৈরবে পৌর নিউ মার্কেটে রহস্যজনক আগুনে চাঁদনী ফ্যাশন নামে এটি দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ২৩ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব বাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আল আমিন।
এ বিষয়ে নিউ মার্কেটের ব্যবসায়ীরা বলেন, মার্কেটের সৌন্দর্যের জন্য রাতে শ্রমিকরা মার্কেটের রাস্তায় কাজ করছিল। হঠাৎ রাত দেড়টায় ধোঁয়া দেখে শ্রমিকরা বুঝতে পারে দোকানের ভিতর আগুন লেগেছে। এসময় মার্কেটের দারোয়ানসহ শ্রমিকরা ফায়ার সার্ভিসকে অবগত করলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ আনে।
এ বিষয়ে মার্কেট ব্যবসায়ী মাছুম চিশতী বলেন, মার্কেটের প্রায় ৩০০ এর অধিক দোকান রয়েছে। হঠাৎ চাঁদনী ফ্যাশনে আগুনের ঘটনাটি আমাদের কাছে রহস্যজনক মনে হয়েছে। আমাদের ভাগ্য ভালো মার্কেটটি তিনতলা বিল্ডিং। এক দোকান থেকে আরেক দোকানে আগুন ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যেত।
এ বিষয়ে চাঁদনী ফ্যাশন মালিক মোক্তার মিয়া বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১০টায় দোকান বন্ধ করে বাড়ি যায়। রাত ১টায় শুনতে পায় আমার দোকানে আগুন লেগেছে। আগুন সূত্রপাত নিয়ে আমার সন্দেহ রয়েছে। অনেকে যেনে বুঝেও আমার ক্ষতি করতে পারে। আমার প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার মেশিন কিছুটা পুড়ে গেছে। ফুটেজ দেখার চেষ্টা চলছে। দেখতে পারলে জানতে পারবো কিভাবে আগুন লেগেছে।
ভৈরব বাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আল আমিন বলেন, মার্কেটে বৈদ্যুতিক ব্যবস্থা ভালো না। মার্কেটের বৈদ্যুতিক তারগুলো অগোছালো। প্রাথমিক ধারণা বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। নিউমার্কেট ব্যবসায়ীদের একাধিকবার সতর্ক করার পরেও মার্কেটে ফায়ার এক্সটেন গুসার মেশিন নেই। একটি মেশিন থাকলে চাঁদনী ফ্যাশন নামের প্রতিষ্ঠানটির বড় ধরণের ক্ষতি হতো না।
ভৈরব থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান আকন্দ বলেন, মার্কেটের আগুনের বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।