হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৯, সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে তারা তথ্য পায় যে, ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন নূরপুর ইউনিয়নের সুতাং বাজার এলাকায় একটি অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে। পরে রাত সাড়ে ৮টার দিকে র্যাবের একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে বাজার ও আশপাশের এলাকায় তল্লাশি চালায়।
তল্লাশির একপর্যায়ে হলুদ রঙের প্লাস্টিকের বস্তায় মোড়ানো একটি এয়ারগান উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাবের প্রাথমিক ধারণা, উদ্ধার করা অস্ত্রটি নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং সংশ্লিষ্টদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।
উদ্ধার করা এয়ারগানটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানায়, সিলেট বিভাগসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে অবৈধ অস্ত্র, বিস্ফোরক এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, জনবহুল এলাকায় অস্ত্র উদ্ধারের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। তারা দ্রুত দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।