গাজীপুরের কাপাসিয়া উপজেলায় গাছপালা কেটে কয়লা উৎপাদন এবং চুল্লির বিষাক্ত ধোঁয়ায় পরিবেশ দূষণসহ জনভোগান্তি সৃষ্টির অভিযোগে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ১২টি চুল্লি ধ্বংস করেছে প্রশাসন। শনিবার বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর ও রায়েদ ইউনিয়নের আমতলী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক।
তার উপস্থিতিতে পরিবেশ দুষণকারী ও জনভোগান্তি সৃষ্টিকারী অবৈধ কয়লা চুল্লিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করে প্রশাসন।অভিযানে পরিবেশ অধিদপ্তর, পুলিশ সদস্য, ফায়ার সার্ভিস এবং সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট সব সংস্থা অংশগ্রহণ করে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এসব চুল্লির ধোঁয়ায় পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং এলাকাবাসী নানা স্বাস্থ্যঝুঁকি ও ভোগান্তির মধ্যে ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুল হক জানান, পরিবেশ দুষণকারী অবৈধ চুল্লি কোনোভাবেই সহ্য করা হবে না। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।