কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৫২৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৬ মার্চ ) দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার পূর্ব আব্দুল্লাহপুর দক্ষিণ পাড়া আল আমিন এর বাড়ির পাশে কালভার্টের উপর অভিযান চালিয়ে মাদকসহ তিন জনকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিনের নির্দেশে এসআই মো. নইমুল ইসলাম মোস্তাক এক দল পুলিশ নিয়ে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব আব্দুল্লাহপুর দক্ষিণ পাড়া এলাকার ওই কালভার্টে অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ওই তিনজনকে কৌশলে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার বড়চারা গ্রামের আলী আকবর (৫০), কুলিয়ারচর বাজার এলাকার সোয়েবুর রহমান গুছু (৩১) ও বীর কাশিমনগর গ্রামের শরীফ মিয়া (৩০)।
পুলিশ জানায়, আটককৃত আলী আকবরের কাছ থেকে ৩০০ পিস, সোয়েবুর রহমান গুছুর কাছ থেকে ২০০ পিস এবং শরীফ মিয়ার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মোট ইয়াবার সংখ্যা ৫২৫ পিস, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ২ হাজার ৭৪০ টাকা জব্দ করে কুলিয়ারচর থানার এসআই সুজন বিশ্বাস বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গ্রেফতারকৃত সোয়েবুর রহমান গুছুর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলো। গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।