গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদার সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানিয়েছেন ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার।
এক বিবৃতিতে তিনি বলেন, সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্বপূর্ণ পেশা। তাই সাংবাদিকদের ব্যক্তিগত যোগ্যতা যাচাই-বাছাইয়ের প্রয়োজন হলে তা অবশ্যই যথাযথ ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে করা উচিত।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের মাধ্যমে প্রশিক্ষণ বা কাউন্সেলিং নিয়ে যারা সনদপ্রাপ্ত হবেন এবং সরকারি নীতিমালা অনুযায়ী যোগ্য বলে বিবেচিত হবেন, তাদের পেশাগত দায়িত্ব পালনে যেন কোনো প্রশাসন, প্রতিষ্ঠান বা মহল অযথা বাধা সৃষ্টি না করে—এ বিষয়টি নিশ্চিত করা জরুরি।
বিশ্বজিৎ চন্দ্র সরকার আরও বলেন, ওয়েজবোর্ডের আওতায় এনে একটি জাতীয় ডাটাবেজে পেশাদার সাংবাদিকদের অন্তর্ভুক্ত করলে তাদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত হবে এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পরিবেশ আরও সুদৃঢ় হবে।
তিনি জানান, প্রয়োজনে সংবাদমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলো সরকারি তালিকাভুক্ত, নিবন্ধিত ও অনুমোদিত কিনা তা যাচাই করা যেতে পারে। এতে প্রকৃত সাংবাদিক ও দায়িত্বশীল গণমাধ্যমকর্মীরা যথাযথ স্বীকৃতি পাবেন।
তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে সাংবাদিকদের কর্মের স্বীকৃতি, পেশাগত নিরাপত্তা ও উন্নয়ন শুধু কথায় সীমাবদ্ধ না থেকে বাস্তবায়নের মাধ্যমে নিশ্চিত করা হবে।