গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে পোশাক শ্রমিকদের বসবাসরত ১০টি বসতঘর পুড়ে গেছে।
আগুনে ঘরের আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে শ্রীপুর উপজেলার জৈনাবাজার আবদার কলেজ রোড এলাকায় রবিকুল ইসলাম মালিকানাধীন একটি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত শ্রমিক মোফাজ্জল হোসেন জানান, ভোরে একটি তালাবদ্ধ ঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে এবং একে একে মোট ১০টি বসতঘরে আগুন ধরে যায়।
খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
মাওনা ফায়ার সার্ভিসের ইনচার্জ নূরুল করিম খোলা কাগজকে জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা হবে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।