কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত এসিড নিক্ষেপ ও সহিংসতার ঘটনায় পুলিশ একজন আসামিকে গ্রেপ্তার করেছে।
থানা সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী থানার মামলা নং-২২, জি.আর নং-২২৫/২৫ অনুযায়ী এসিড অপরাধ দমন আইন ২০০২ এর ৫(ক)/৫(খ)/৭ ধারাসহ দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৪২৭/১১৪ ধারায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ২ নম্বর আসামি মোঃ মজাহার আলী (৫৮) কুড়িগ্রাম জেলার কচাকাটা উপজেলার উত্তর বলদিয়া এলাকার সিতাব উদ্দিন ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর ২০২৫ ইং সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে ভূরুঙ্গামারী থানাধীন পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ এলাকায় বাদীর ভোগদখলীয় জমিতে আসামিরা দেশীয় অস্ত্র, ধারালো অস্ত্র ও এসিডসহ বেআইনি জনতায় সংঘবদ্ধ হয়ে অনধিকার প্রবেশ করে ঘর ভাঙচুর ও গাছ কাটতে থাকে। এ সময় বাধা দিলে বাদীপক্ষের নারী সদস্যদের ওপর হামলা চালানো হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, একপর্যায়ে আসামিরা এসিড নিক্ষেপ করলে মোছাঃ জহিরন বেওয়া গুরুতরভাবে দগ্ধ হন। তার শরীরের বিভিন্ন অংশে এসিডে মারাত্মক জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় বাদীর জমিতে থাকা প্রায় ৪০টি ছোট ও ২২টি বড় সুপারি গাছ কেটে ফেলা হয় এবং ঘর ভাঙচুরসহ আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
উক্ত ঘটনায় ভুক্তভোগী মোঃ আফজাল হোসেন বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে ২ নম্বর আসামি মোঃ মজাহার আলীকে গ্রেপ্তার করে। পরদিন মঙ্গলবার সকালে তাকে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আজিম উদ্দিন জানায়, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।