হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকায় অবৈধভাবে বালি উত্তোলন ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
অভিযানে তিনজন ব্যক্তিকে পৃথক মামলায় মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে বৃহস্পতিবার এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে আউলিয়া বাজারের রাব্বানী মিয়ার ছেলে মো. নজরুল ইসলামকে ১ লাখ টাকা, বহরা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মো. খোকন মিয়াকে ১ লাখ টাকা এবং কালিকাপুর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে জয়নাল মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে বড়জ্বালা বিজিবির একটি টিম নিরাপত্তা ও সার্বিক সহায়তা প্রদান করে।
প্রশাসন সূত্র জানিয়েছে, অবৈধ বালি উত্তোলন পরিবেশ ও স্থানীয় জনজীবনের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে নদীভাঙন বৃদ্ধি, কৃষিজমি ক্ষয় ও পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। এসব কারণেই অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় অবৈধ বালি উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে।