হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
উপজেলার শাহজাহানপুর এলাকায় গতকাল মঙ্গলবার গভীর রাতে এ অভিযান চালানো হয়।
র্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া বাজার সংলগ্ন একটি চা বাগানে অভিযান পরিচালনা করে।
র্যাব জানিয়েছে, অভিযানকালে তাদের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে খাকি রঙের স্কচটেপে মোড়ানো ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন চুনারুঘাটের লস্করপুর গ্রামের মৃত জনু মুন্ডার ছেলে বিনয় মুন্ডা (৩০) এবং একই এলাকার নিতন বাগতির ছেলে সাথী বাগতি (৩০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি হিসেবে গ্রেপ্তারকৃতদের এবং উদ্ধারকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ আরও জানিয়েছে, মাদক প্রতিরোধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।