টাঙ্গাইলের মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী একটি কাভার্ড-ভ্যান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আছড়ে পড়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শুভূল্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে টাঙ্গাইলমুখী সিরাজুল মটরস নামক কাভার্ড-ভ্যানটি (ঢাকা মেট্রো-ট ১৪-৬৯৭৭) মহাসড়কের শুভূল্যা এলাকায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়লে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এসময় কাভার্ড-ভ্যানটির তেলের ট্যাংক ছিদ্র হয়ে ডিজেল পড়তে থাকলে স্থানীয় কয়েকজন তা বিভিন্নভাবে সংগ্রহ করেন। কাভার্ড-ভ্যানটি পড়ে যাওয়ার ঘটনায় সড়ক বিভাজকে ব্যাপক আঘাত পড়লে সেটিও অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। এসময় ভ্যানের চালক ও তাঁর সহকারী ঘটনাস্থল থেকে সটকে পড়েন।
গোড়াই হাইওয়ে থানার এস.আই আনিস বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসে গাড়িটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার জন্য টানা ৪ ঘন্টা কাজ করার পর বেলা সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাকবলিত কাভার্ড-ভ্যানটি রেকারের মাধ্যমে থানায় নিয়ে আসা হয়। দুর্ঘটনার পর সার্ভিস সড়ক ব্যবহারের ফলে প্রায় ৩ কিলোমিটার সড়কে থেমে থেমে যানচলাচলের সৃষ্টি হয়। সাড়ে ১২টার পর থেকে মহাসড়ক দিয়ে পুনঃরায় যান চলাচল স্বাভাবিক হয়।