রংপুর-১ (গঙ্গাচড়া উপজেলা ও রংপুর সিটি করপোরেশনের ১–৯ নম্বর ওয়ার্ড) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে তিনি নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য হয়ে পড়লেন।
সোমবার (২৬ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখে এই রায় ঘোষণা করেন।
এর আগে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে গত ১ জানুয়ারি রংপুর জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল আহসান ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। পরবর্তীতে তিনি নির্বাচন কমিশনে আপিল করলে ১৭ জানুয়ারি কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
তবে নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজন হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের শুনানি শেষে গত ২১ জানুয়ারি হাইকোর্ট ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন।
হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হলে সোমবার আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখেন। এর মাধ্যমে মঞ্জুম আলীর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল হলো।
আদালতে বিএনপির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। অপরদিকে মঞ্জুম আলীর পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, মোহাম্মদ হোসেন লিপু, সৈয়দ মামুন মাহবুব এবং ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারি।
এই সিদ্ধান্তের ফলে রংপুর-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ব্যারিস্টার মঞ্জুম আলী আর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে পারবেন না।
বর্তমানে এই আসনে বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির মোকাররম হোসেন সুজন, জামায়াতে ইসলামীর রায়হান সিরাজী, ইসলামী আন্দোলনের এটিএম গোলাম মোস্তফা, এনসিপির আল মামুন, গণঅধিকার পরিষদের হানিফুর রহমান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর আহসানুল আরেফিন, ইসলামিক ফ্রন্টের মো. আনাস এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মমিনুর রহমান।