হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় মদ উৎপাদন ও মাদক কারবারের সঙ্গে জড়িত থাকায় চারজনকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ দেশীয় মদ, গাঁজা, নগদ অর্থ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে চুনারুঘাট আর্মি ক্যাম্পের সদস্যরা উপজেলার চাঁনপুর বাজার এলাকায় নিয়মিত চেকপোস্ট স্থাপন করেন। তল্লাশিকালে দেশীয় মদ পান করার সন্দেহে দুই ব্যক্তি- মো. লুৎফর রহমান ও সুনীল মোদিকে আটক করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল চাঁনপুর বাজার এলাকার বিষ্ণুনাথের বাড়িতে অভিযান চালায়। সেখানে দেশীয় মদের একটি গুদাম শনাক্ত করা হয়। অভিযানকালে ২ লাখ ৩০ হাজার টাকা, ২ হাজার ৪০০ লিটার গুড়, ৩৭৮ কেজি মোলাসেস (গুড়), দুটি মোবাইল ফোন ও দেশীয় মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই প্রক্রিয়াধীন মদ ধ্বংস করা হয়।
উদ্ধারকৃত মালামাল ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য চুনারুঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অভিযান শেষে ফেরার পথে সেনা টহল দল দেওরগাছ এলাকায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে-মো. ইসহাক মিয়া (২৫) ও মো. বায়েজিদ মিয়া (৩০)আটক করে। তল্লাশি করে তাদের কাছ থেকে গাঁজা পাওয়া যায়। পরবর্তীতে তাদের বাড়িতে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”