কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি এবং এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৭ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এস.আই) সৈকত মজুমদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার ৬ নম্বর ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নাইঘর-ব্রাহ্মণপাড়া সড়কের একটি স্থান থেকে ৪ কেজি গাঁজাসহ সুবল চন্দ্র দাস প্রকাশ সুমন (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি নাঙ্গলকোট উপজেলার আদ্রা এলাকার মৃত সুধন্য চন্দ্র দাস প্রকাশ আব্দুল মান্নানের ছেলে। বর্তমানে তিনি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শাকতলা এলাকায় বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।
অপরদিকে, একই দিনে ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত আরেকটি অভিযানে সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. নাজমুল (৩৫) কে গ্রেপ্তার করা হয়। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার টাটেরা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, “মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।