কিশোরগঞ্জের অষ্টগ্রামে বড় হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিউটন দাস (২৫) নামের এক যুবকের করুণ মৃত্যু হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার বড় হাওড়ের ভল্লী বিলে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিউটন দাস উপজেলার কলমা ইউনিয়নের চন্ডীপুর গ্রামের শ্রীনন্দ দাস ও রেখা রানী দাসের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকালে নিউটন দাস বড় হাওড়ের ভল্লী বিলে মাছ ধরতে যান। আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়রা বিল থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মজনু মিয়া জানান, বজ্রপাতে নিহত নিউটন দাসের পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সরকারি বিধি অনুযায়ী সার্বিক সহায়তা প্রদান করা হবে।
হঠাৎ এই তরুণের অকাল মৃত্যুতে চন্ডীপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।