নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একটি জেনারেটর মেরামত ও রক্ষণাবেক্ষণের কারণে টানা ১৫ দিন বিদ্যুৎ সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। আগামী ১০ নভেম্বর থেকে ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে লোডশেডিং হতে পারে। এ সময়ে কোনো কোনো সময় গড়ে ঘণ্টায় ২ থেকে ২.৫০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিংয়ের সম্ভাবনা রয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগ-হাতিয়া, নোয়াখালীর নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হাতিয়া দ্বীপ অঞ্চলে জাতীয় গ্রিডের কোনো সংযোগ কিংবা বিকল্প বিদ্যুৎ উৎপাদনের উৎস নেই। ফলে হাতিয়া ও নিঝুম দ্বীপসহ সংশ্লিষ্ট এলাকার প্রায় ৩৯ হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বেসরকারি প্রতিষ্ঠান ‘দেশ এনার্জি হাতিয়া পাওয়ার কোম্পানি লিমিটেড’-এর এইচএফওভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ওপর নির্ভরশীল।
বর্তমানে কেন্দ্রটির তিনটি জেনারেটরের প্রতিটির উৎপাদন ক্ষমতা ৩ মেগাওয়াট। সব মিলিয়ে স্থাপিত উৎপাদন ক্ষমতা ৯ মেগাওয়াট হলেও নিজস্ব বিদ্যুৎ খরচ ও জেনারেটরের কার্যকারিতা বিবেচনায় বিতরণ ব্যবস্থায় সর্বোচ্চ প্রায় ৭.২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। অথচ হাতিয়া অঞ্চলে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা প্রায় ৯ মেগাওয়াট।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,
বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১ নম্বর জেনারেটরের যান্ত্রিক অবস্থা বিবেচনায় জরুরি ভিত্তিতে টপ ওভারহোলিং বা বিস্তারিত যান্ত্রিক রক্ষণাবেক্ষণ প্রয়োজন। এ কারণে আগামী ১০ নভেম্বর থেকে আনুমানিক ১৫ দিন জেনারেটরটির মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে। এ সময় জেনারেটরটি বন্ধ থাকায় কেন্দ্রের সরবরাহযোগ্য উৎপাদন সক্ষমতা কমে প্রায় ৫.৫০ মেগাওয়াটে নেমে আসবে।
সম্ভাব্য লোডশেডিংয়ের বিষয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত হাতিয়ায় বিদ্যুতের গড় চাহিদা ৭.৫০ থেকে ৮ মেগাওয়াট। এ সময়ে গড়ে ঘণ্টায় ২ থেকে ২.৫০ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। অন্যদিকে রাত ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুতের গড় চাহিদা ৬.৫০ থেকে ৭ মেগাওয়াট। এ সময়ে গড়ে ঘণ্টায় ১ থেকে ১.৫০ মেগাওয়াট লোডশেডিংয়ের সম্ভাবনা রয়েছে।
এ সময় হাতিয়া বিদ্যুৎ বিভাগের আওতাধীন ১০টি ১১ কেভি ফিডারের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ করা হবে। তবে বিদ্যুতের প্রকৃত চাহিদা, উৎপাদন সক্ষমতা ও সার্বিক পরিস্থিতির ওপর নির্ভর করে লোডশেডিংয়ের সময় ও পরিমাণ পরিবর্তিত হতে পারে।
সাময়িক এ সংকট মোকাবিলায় গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিশেষ করে অপ্রয়োজনীয় লাইট, ফ্যান, এসি ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে।
জেনারেটরের নির্ধারিত মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম সফলভাবে শেষ হলে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা পুনরায় স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
জনস্বার্থে প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে হাতিয়ার প্রায় ৩৯ হাজার বিদ্যুৎ গ্রাহককে সাময়িক সংকটের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।