পাহাড়, লেক আর প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব সমন্বয়ে রাঙামাটির কাপ্তাই লেকে অনুষ্ঠিত হয়েছে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা-২০২৬। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাঁতারুদের অংশগ্রহণে সোমবার (১৬ নভেম্বর) সকালে কাপ্তাই লেকের স্বচ্ছ জলরাশি যেন পরিণত হয় এক প্রাণবন্ত ক্রীড়াঙ্গনে। প্রতিযোগিতায় পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর মো. ফয়সাল এবং নারী বিভাগে একই বাহিনীর মোছাম্মৎ মুক্তি খাতুন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতা কাপ্তাই লেকের মগবান টিলা এলাকা থেকে শুরু হয়ে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন পর্যটন অবতরণ ঘাটে এসে শেষ হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করা ১৮ জন এবং স্বাগতিক রাঙামাটির দুইজনসহ মোট ২০ জন সাঁতারু অংশগ্রহণ করেন। পুরুষ বিভাগে ১০ কিলোমিটার এবং নারী বিভাগে ৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন প্রতিযোগীরা।প্রতিযোগিতায় পুরুষ বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর আসিফ রেজা এবং তৃতীয় হন বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহমেদ। নারী বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার।প্রতিযোগিতার উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফি।এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ বাংলাদেশ নৌবাহিনী, জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পরে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন শহীদ শুক্কুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। এতে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও আর্থিক পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। পাশাপাশি সফলভাবে প্রতিযোগিতা সম্পন্ন করা প্রত্যেক সাঁতারুকে সনদ ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বলেন, পার্বত্য চট্টগ্রামের মাটি থেকে উঠে এসেছে অসংখ্য প্রতিভাবান সাঁতারু। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এসব প্রতিভাবান সাঁতারু একদিন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের দক্ষতার স্বাক্ষর রাখবেন এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের সুনাম ও গৌরব বয়ে আনবেন।তিনি আরও বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান সাঁতারুদের খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক মানের সাঁতারু হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ নৌবাহিনী কাজ করছে। এ লক্ষ্যে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’ কর্মসূচির মাধ্যমে প্রতিভা অন্বেষণ ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।কাপ্তাই লেকের বুকে অনুষ্ঠিত এ জাতীয় সাঁতার প্রতিযোগিতা শুধু ক্রীড়াঙ্গনেই নতুন উদ্দীপনা সৃষ্টি করেনি, বরং রাঙামাটির পর্যটন সৌন্দর্য ও ক্রীড়া সম্ভাবনাকেও নতুন করে তুলে ধরেছে।