• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
Headline
তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কা’রা’দ’ণ্ড সাতক্ষীরা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক একদিনেই সড়কে ঝরল ৪ প্রা’ণ, তারাগঞ্জে নি/হ/ত দুজনসহ সবাই নীলফামারীর কুড়িগ্রামে হঠাৎ বন্ধ স্কুল ফিডিং কর্মসূচি, চরম বিপাকে ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ কালীগঞ্জে শিকল পরা অবস্থায় নদীতে পড়ে নি’খোঁ’জ যুবকের ম/র/দে/হ উদ্ধার সোমেশ্বরী নদীতে ৬০০ মিটারের কাঠের সেতু নির্মাণ করলেন ডেপুটি স্পিকার ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা, বিচার দাবি সিডরের ১৯ বছর পরও আতঙ্কে মোংলার কানাইনগর, টেকসই বেড়িবাঁধের দাবি বেতন বাড়ানোর দরকার নেই, দ্রব্যমূল্য কমান: সিপিবি কেন্দ্রীয় নেতা ডা. দিবালোক সিংহ

কুড়িগ্রামে হঠাৎ বন্ধ স্কুল ফিডিং কর্মসূচি, চরম বিপাকে ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী

মাইদুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় হঠাৎ বন্ধ হয়ে গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু করা স্কুল ফিডিং বা মিড-ডে মিল কর্মসূচি। গত ১০ নভেম্বর থেকে উপজেলার ১২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ হাজার ৩২১ শিক্ষার্থীর জন্য খাবার সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের শিশুদের বিদ্যালয়মুখী রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এ কর্মসূচি বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কা করছেন শিক্ষকরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্কুল ফিডিং প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত থাকলেও খাদ্য সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় মাঝপথেই বন্ধ হয়ে গেছে খাবার বিতরণ। প্রকল্পের মেয়াদ এক বছরের বেশি বাকি থাকতেই কর্মসূচি বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

উপজেলা ইএসডিও অফিস সূত্রে জানা যায়, স্কুল ফিডিং কর্মসূচির আওতায় রাজারহাট উপজেলার ১২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ হাজার ৩২১ জন শিক্ষার্থী অন্তর্ভুক্ত রয়েছে। ২০২৫ সালের ২৮ ডিসেম্বর কর্মসূচি শুরুর সময় এসব বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ হাজার ৯৪৩ জন। সে হিসাবে কর্মসূচি চালুর পর শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ হাজার ৩৭৮ জন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত প্রকল্পের তথ্য অনুযায়ী, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’র মেয়াদ জানুয়ারি ২০২৫ থেকে ডিসেম্বর ২০২৭ পর্যন্ত। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৫ হাজার ৪৫২ কোটি ৪১ লাখ টাকা। দেশের নির্বাচিত ১৫০টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং ঝরে পড়া রোধ করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।

ইএসডিওর উপজেলা প্রকল্প কর্মকর্তা মোছা. খালেদা আক্তার জানান, গত ১০ নভেম্বর ইএসডিওর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় খাবার সরবরাহ বন্ধ রয়েছে। বিষয়টি অধিদপ্তর থেকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে জানানো হয়েছে। তবে এ বিষয়ে আলাদা কোনো চিঠিপত্র দেওয়া হয়নি। শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও হঠাৎ খাবার বিতরণ বন্ধ হয়ে যাওয়ায় কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

অন্যদিকে, প্রাণ ডেইরি নামের ঠিকাদারি প্রতিষ্ঠান গত অক্টোবর থেকেই তাদের সরবরাহ করা দুধ ও বিস্কুট দেওয়া বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এ বিষয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৮ ডিসেম্বর রাজারহাট উপজেলায় আনুষ্ঠানিকভাবে মিড-ডে মিল কার্যক্রম শুরু হয়। এ কর্মসূচির আওতায় সপ্তাহের নির্ধারিত কর্মদিবসে শিক্ষার্থীদের বিস্কুট, কলা, বনরুটি, সিদ্ধ ডিম ও ইউএইচটি দুধ সরবরাহ করা হতো। বিদ্যালয়ে পুষ্টিকর খাবার পাওয়ার সুযোগ থাকায় শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর পাশাপাশি দরিদ্র পরিবারের শিশুদের জন্য এটি ছিল বাড়তি সহায়তা।

রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী অনুরাধা মন্ডল জানায়, “ম্যাডাম বলেছেন, বুধবার (১১ নভেম্বর) থেকে স্কুলে আর কোনো খাবার দেওয়া হবে না। তাই প্রতিদিন বাড়ি থেকে টিফিন নিয়ে আসতে হবে।”

বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. মোহসিনা আক্তার বলেন, “সম্ভবত ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে। নতুন করে অন্য কোনো প্রতিষ্ঠান দায়িত্ব পেতে পারে। কিন্তু এ বিষয়ে আমরা কোনো লিখিত কাগজপত্র পাইনি। হঠাৎ করে খাবার বন্ধ হয়ে যাওয়ায় আমরা চরম বিপাকে পড়েছি। এভাবে দীর্ঘদিন চলতে থাকলে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাওয়ার পাশাপাশি ঝরে পড়ার আশঙ্কাও রয়েছে।”

এ বিষয়ে রাজারহাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আখতারুল ইসলাম বলেন, “সংস্থাটির সঙ্গে এক বছরের চুক্তি ছিল। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় কর্মসূচি বন্ধ রয়েছে। তবে সরকারের পক্ষ থেকে পরবর্তী কার্যক্রম সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।”

প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত থাকলেও কেন মাঝপথে স্কুল ফিডিং কর্মসূচি বন্ধ হলো, কবে নাগাদ আবার খাবার সরবরাহ শুরু হবে—এমন প্রশ্ন এখন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে কর্মসূচিটি পুনরায় চালু করবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category