ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মাদকবিরোধী অভিযানে ১৯ পিস টাপেন্টাডল ও ৬৩ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে স্থানীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরে আলম শাহের দুই ছেলে রয়েছেন বলে জানা গেছে।
সোমবার (৯ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চোংগাখাতা এলাকায় এ অভিযান পরিচালনা করে ডিএনসি ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের একটি দল।
অভিযানকালে একটি বসতবাড়ির কক্ষে তল্লাশি চালিয়ে আটক ব্যক্তিদের হেফাজত থেকে ১৯ পিস টাপেন্টাডল ও ৬৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, চোংগাখাতা এলাকার নুরে আলম শাহের ছেলে মো. শোয়েব শাহ (২৪) ও শ্রাবণ সাহা এবং একই এলাকার মো. ফরুক হোসেন শাহের ছেলে আরিফ শাহ।
এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে মাদকদ্রব্য উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন অর রশিদ।