নীলফামারীর ডোমারে রেললাইনের পাশ থেকে মীর তানভীর আহমেদ (২৯) নামের এক কৃষি কর্মকর্তার দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। নিহত তানভীর দেবীগঞ্জ কৃষি ফার্মের গম গবেষণা কেন্দ্রে খামার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গত সোমবার রাতে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের শিমুলতলী সংলগ্ন রেলগেট এলাকা থেকে প্রথম তাঁর ধড় থেকে বিচ্ছিন্ন দেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে মঙ্গলবার সকালে দুর্ঘটনাস্থলের পাশের একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয় বিচ্ছিন্ন মাথাটি।
প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দাদের অনেকে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করলেও, নিহতের পরিবারের দাবি ভিন্ন। তাঁদের অভিযোগ, তানভীরকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করার পর ঘটনাটি ঢাকতে মরদেহ রেললাইনে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
নিহত তানভীর আহমেদ মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাসিন্দা। তাঁর বাবা মীর বজলুর রশিদ জাজিরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক। তানভীর পরিবারের দ্বিতীয় সন্তান এবং তিনি সম্প্রতি ৪৫তম বিসিএসে কৃষি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন।
ছেলের অকাল মৃত্যুতে শোকাহত বাবা মীর বজলুর রশিদ জানান, “আমাদের পরিবারে কোনো পারিবারিক কোন্দল বা অন্তর্দ্বন্দ্ব ছিল না। তবে দিনাজপুরে দায়িত্ব পালনকালীন সময়ে স্থানীয় একটি প্রভাবশালী ও দুর্নীতিবাজ চক্রের সঙ্গে তানভীরের বিরোধ তৈরি হয়েছিল। ওই বিরোধের জের ধরে আমার ছেলেকে হত্যা করা হয়ে থাকতে পারে।” এ ঘটনায় তিনি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দোষীদের বিচার দাবি করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় প্রমাণাদি ও আলামত সংগ্রহসহ মরদেহ উদ্ধার করে। পরে সিআইডির ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।