কিশোরগঞ্জের ভৈরবে ১ হাজার ৯২৫ পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় (ঢাকা)। ৯ নভেম্বর মধ্যরাতে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ঢাকার পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম।
আটককৃতরা হলেন— সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের শেরুলবাগ (মাজর গ্রাম) এলাকার মৃত আবদুর রহিমের ছেলে মো. সানুহর আলী (৩৭) এবং তাঁর স্ত্রী মারজানা বেগম (৩০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলমের নেতৃত্বে অধিদপ্তরের একটি রেইডিং টিম ৯ নভেম্বর মধ্যরাতে ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকায় অবস্থান নেয়। এ সময় সিলেট থেকে কিশোরগঞ্জগামী ‘ইউনাইটেড’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-৪১৫৯) ওই এলাকায় পৌঁছালে গোয়েন্দা টিম বাসটির গতিরোধ করে। পরে বাসের ভেতর তল্লাশি চালিয়ে সন্দেহভাজন ওই দম্পতিকে আটক করা হয়।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে তাদের তল্লাশি করে একটি সিনথেটিক ব্যাগে থাকা বিশেষ ভাবে পলিথিন মোড়ানো মোট ১ হাজার ৯২৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এছাড়াএ তাদের কাছে মাদক কারবারে ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা (এজাহার) দায়ের করেছেন।