দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ৩০টি ইয়াবা ট্যাবলেটসহ পঞ্চগড় পৌর যুবলীগের সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসনাত মো. হামিদুর রহমান (৩৮) এবং তাঁর ছোট ভাই নিষিদ্ধ ছাত্রলীগের জেলা কমিটির সাবেক দপ্তর সম্পাদক হাবিবুর রহমান শিশিরকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার নাফানগর ইউনিয়নের সেনিহারী গ্রামের কুন্দুরা সেতুর ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোচাগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। পরে ওই মামলায় তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জব্দ করা ৩০টি ইয়াবার সিজারমূল্য ৯ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
গ্রেপ্তার হাসনাত ও শিশির পঞ্চগড় পৌরসভার কামাতপাড়া এলাকার বাসিন্দা। তারা ওই এলাকার মোকলেছুর রহমানের ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বোচাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে নাফানগর ইউনিয়নের সেনিহারী গ্রামের কুন্দুরা সেতু এলাকায় জরুরি আইনশৃঙ্খলা দায়িত্ব পালন করছিলেন। এ সময় হাসনাত ও শিশিরের চলাফেরা সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের আটক করে তল্লাশি চালায়। পরে দুই ভাইয়ের কাছ থেকে ৩০টি কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রতিটি ইয়াবা ট্যাবলেটের ওজন শূন্য দশমিক ১ গ্রাম হিসেবে মোট ওজন ৩ গ্রাম। উদ্ধার করা প্রতি পিস ইয়াবার আনুমানিক মূল্য ৩০০ টাকা হিসেবে মোট মূল্য ৯ হাজার টাকা।
এ ঘটনায় বোচাগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা করেছে। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উপপরিদর্শক (এসআই) সুমন কুমার সরকারকে। পুলিশের ভাষ্য, ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন দুই ভাই।
পুলিশ সূত্রে আরও জানা যায়, হাসনাতের বিরুদ্ধে পঞ্চগড় সদর ও দেবীগঞ্জ থানায় বিএনপি অফিস ভাঙচুর, সন্ত্রাসবিরোধী আইন, জুলাই আন্দোলনে ইজিবাইকচালক আল আমিন হত্যা ও গুম মামলাসহ জুলাই অভ্যুত্থানের একাধিক মামলা রয়েছে। তবে শিশিরের বিরুদ্ধে পূর্বের একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এই দুই ভাই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলার বিষয়টি জেনেছি। তবে মাদকের মামলায় তাদের আদালতের মাধ্যেমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান বলেন, যুবলীগ নেতা হাসনাত ও তার ভাই শিশিরকে গ্রেপ্তারের বিষয়টি জানার পরপরই আমরা তাদের বিরুদ্ধে একাধিক মামলার বিষয়টি ওই থানায় একটি বেতার বার্তা দিয়েছি। তবে তাদেরকে আদালতের মাধ্যেমে পঞ্চগড়ের মামলাগুলোতে শ্যোন এরেস্ট দেখিয়ে পঞ্চগড়ে নিয়ে আসা হবে।