আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে দেশের ৬৩ জেলার ৮০টি উপজেলার সব ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ইসি সানাউল্লাহ বলেন, ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রথম ধাপে আগামী ১২ নভেম্বর ৮০টি উপজেলার সব ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে উপনির্বাচনের কারণে ঠাকুরগাঁও জেলায় প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে না। এ জেলা দ্বিতীয় ধাপে রাখা হয়েছে।
তিনি আরও জানান, মোট সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। এর মধ্যে দ্বিতীয় ধাপে আগামী ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ২০২৭ সালের ১৭ জানুয়ারি চতুর্থ ধাপে, ৪ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে, ২২ এপ্রিল ষষ্ঠ ধাপে এবং ২৭ মে সপ্তম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
নির্বাচন কমিশনার বলেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে কমিশন।