ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর আজ বুধবার হালুয়াঘাট পৌরসভা এলাকায় একাধিক উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
১৬ সেপ্টেম্বর ( বুধবার) বিকেলে একযোগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ শুরু ও উদ্বোধন করা হয়।
প্রকল্পগুলো হল,মানিকুড়া শাহি মসজিদ হতে শহীদের বাড়ি পর্যন্ত রাস্তা সলিং ও আরসিসি রিং পাইপ স্থাপন: ১২০ মিটার দৈর্ঘ্যের এই কাজটি সম্পন্ন করেছে মেসার্স আফিফ এন্টারপ্রাইজ। স্থানীয়দের যাতায়াত ও পানি নিষ্কাশনের সমস্যা সমাধানে এই প্রকল্প বিশেষ ভূমিকা রাখবে।
হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশ হতে ইব্রাহিমের বাড়ি হয়ে আব্দুল ফকিরের বাড়ি পর্যন্ত সলিং রাস্তা ১২০ মিটার দৈর্ঘ্যের এই রাস্তাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, যা বাস্তবায়নের দায়িত্বে রয়েছে মেসার্স আপন এন্টারপ্রাইজ।
টানা ব্রিজ হতে আব্দুল মোমিনের বাড়ি (পূর্ব নির্মিত আরসিসি রাস্তা পর্যন্ত) আরসিসি রাস্তা নির্মাণ: ১০৫ মিটার দীর্ঘ এই রাস্তা নির্মাণের মাধ্যমে স্থানীয় যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। কাজটি মেসার্স রহমান এন্টারপ্রাইজ বাস্তবায়ন করবে।
হাই স্কুল রোড হতে বেপারিপাড়া মসজিদ পর্যন্ত রাস্তাসহ পাইপ ড্রেন নির্মাণ: ১৯০ মিটার দৈর্ঘ্যের এই গুরুত্বপূর্ণ ড্রেনেজ ও রাস্তা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি। এর ফলে উক্ত এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা ও যাতায়াতের ভোগান্তি দূর হবে বলে আশা করা যাচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে মেসার্স এস. ইসলাম ট্রেডার্স।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সালমান ওমর রুবেল বলেন, “আমাদের সীমান্তবর্তী হালুয়াঘাট পৌরসভার এডিপির অর্থে তিনটি কাজের ভিত্তিপ্রস্তর এবং একটি কাজের উদ্বোধন করা হযেছে । যে রাস্তাটির আজকে উদ্বোধন হয়েছে। পৌরসভার প্রশাসক এই সকল কাজ তত্ত্বাবধান করছেন।
বিগত ২০১৮ সালে পৌরসভা নির্বাচন হওয়ার পরবর্তীতে পৌরসভার যে কাজগুলো হয়েছে, সেটা আসলে জনগণের চাহিদার তুলনায় খুব অপ্রতুল।
আশা রাখছি অচিরেই পৌরসভার জন্য আরও বিভিন্ন প্রজেক্ট আসবে, যে প্রজেক্টের মাধ্যমে আমরা পৌরসভার বিভিন্ন রাস্তাঘাট করতে পারব, আমাদের ড্রেনেজ ব্যবস্থা উন্নত হবে, পাশাপাশি পৌরসভা কিভাবে সৌন্দর্যবর্ধন করা যায় সে লক্ষ্যে কাজ করছি। আপনারা সকলেই দোয়া করবেন, এখানে আজকে আমরা ৫৪ লক্ষ ৯২ হাজার ৫৬৭ টাকার কাজের ভিত্তিপ্রস্তর এবং উদ্বোধন করলাম। যেগুলা ভিত্তিপ্রস্তর রয়েছে এগুলা দ্রুতই কাজ সমাপ্ত হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জালাল উদ্দীন, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, সাবেক বিএনপি নেতা সাজ্জাদ হোসেন খান হীরা, সাবেক ছাত্রদলের সভাপতি নরুল আলম, হালুয়াঘাট ব্যবসা উন্নয়ন সমিতির সভাপতি নাদিম আহাম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট পৌরসভার কর্মকর্তাগণ।
পরে উপস্থিত সকলে মিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।