• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
Headline
পাঁচবিবিতে মশাবাহিত রোগ প্রতিরোধে লকমা জমিদার বাড়িতে পরিচ্ছন্নতা অভিযান রাঙ্গামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ১২ সদস্যসহ গ্রেপ্তার ১৪ অশ্রুসিক্ত নয়নে নীলফামারী জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা ভৈরবে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার বাগেরহাট পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ইয়াবা উদ্ধার,বিএনপি নেতার দুই ছেলেসহ আটক ৩ ভৈরবে ১৯২৫ পিস ইয়াবাসহ দম্পতি আটক বাগেরহাটে চলন্ত কলাবোঝাই পিকআপে আগুন, স্লোগান দিয়ে পালাল দুর্বৃত্তরা হাতিয়ায় ১৫ দিন বিদ্যুৎ সংকটের আশঙ্কা, প্রতিদিন হতে পারে ২ ঘণ্টার বেশি লোডশেডিং

নারায়ণপুর ভূমি অফিসে ঘুষের অভিযোগ, ৫০ হাজার টাকা দাবি

আলমগীর পাঠান, নরসিংদী প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ দাবি, হয়রানি এবং দালালের মাধ্যমে নামজারি করানোর অভিযোগ উঠেছে।নারায়ণপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (নায়েব) সৈয়দ নজরুল ইসলামের বিরুদ্ধে জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন বারৈচা বাজারের ব্যবসায়ী মোঃ হুমায়ুন কবির হোসেন।

লিখিত অভিযোগে মোঃ হুমায়ুন কবির হোসেন বলেন, ভূমি সংক্রান্ত তদন্তের জন্য তাকে অফিসে ডেকে একই স্মারকের বিপরীতে দুটি প্রতিবেদন দেখানো হয়। এর মধ্যে একটি তার পক্ষে এবং অন্যটি বিপক্ষে ছিল। পক্ষে প্রতিবেদন পাঠানোর জন্য তার কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয়। বিভিন্ন চাপ ও পরিস্থিতির কারণে তিনি ২০ হাজার টাকা দেন। পরে বাকি টাকা না দেওয়ায় তার বিপক্ষে প্রতিবেদন পাঠানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, তদন্তের জন্য নায়েব তার বাড়িতে গিয়ে তাকে না পেয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন।

এদিকে কাঙ্গালিয়া গ্রামের মজনু মিয়া অভিযোগ করেন, তার নামজারি আবেদন পাঁচবার বাতিল হওয়ার পর দালালের মাধ্যমে ৬০ হাজার টাকার চুক্তিতে আবেদনটি প্রস্তাবিত করা হয়। পরে তাকে আরও ১০ হাজার টাকা দিতে হয়েছে বলেও দাবি করেন তিনি।

আরেক ব্যক্তি অভিযোগ করেন, প্রায় পৌনে চার গণ্ডা জমি খারিজ করতে ২৭ হাজার টাকা দেওয়ার পর তার কাছে আরও ৩ হাজার টাকা দাবি করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নারায়ণপুর ইউনিয়ন ভূমি অফিসের আশপাশে দালালদের আনাগোনা রয়েছে। নিয়ম মেনে আবেদন করেও বিভিন্ন অজুহাতে সাধারণ মানুষ হয়রানির শিকার হন। অথচ দালালের মাধ্যমে গেলে কাজ সহজ হয় বলে অভিযোগ তাদের।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নায়েব সৈয়দ নজরুল ইসলাম। তিনি বলেন, তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। একই স্মারকের বিপরীতে দুটি প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, প্রথমবার কাগজপত্রের ঘাটতি ছিল।পরে প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ায় দ্বিতীয় প্রতিবেদন করা হয়।
সংশোধন করা প্রতিবেদন কেন পাঠানো হয়নি এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা ভুলবশত হয়েছে।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কাউসার কাজল বলেন, তার কাছে কেউ এ বিষয়ে অভিযোগ করেননি। তবে ভূমি অফিসের কর্মকর্তারা যেন দায়িত্বশীলভাবে কাজ করেন এবং জনগণ ভালো সেবা পান, সেটিই তিনি চান। এর ব্যত্যয় ঘটলে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

বেলাবো সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ বলেন, অভিযোগের অনুলিপি তিনি পেয়েছেন। বাদী-বিবাদী উভয় পক্ষকে ডেকে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে।

উল্লেখ্য, সৈয়দ নজরুল ইসলাম ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত নারায়ণপুর ইউনিয়ন ভূমি অফিসে তহশিলদার হিসেবে দায়িত্ব পালনকরেন। ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর তিনি আবারও একই ইউনিয়ন ভূমি অফিসে বদলি হয়ে আসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category