গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বয়রা উচ্চ বিদ্যালয়ের এডহক ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সমাজসেবী ও বিএ (অনার্স) ডিগ্রিধারী লাইজু আক্তার। নতুন কমিটি অনুমোদনের পর বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষক-শিক্ষিকা, কমিটির সদস্য ও শিক্ষার্থীরা। নিলফা বয়রা উচ্চ বিদ্যালয়টি টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নে অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। ১৯১৭ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে স্থানীয় শিক্ষার্থীদের শিক্ষা বিস্তারে ভূমিকা রেখে আসছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা, এসআরও নং-৭৩-আইন/২০২৪-এর ৬৪(১) ধারা অনুযায়ী ছয় মাসের জন্য নিলফা বয়রা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। পত্র ইস্যুর তারিখ ৬ সেপ্টেম্বর ২০২৬ বলে জানানো হয়েছে।
অনুমোদিত এডহক কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন লাইজু আক্তার। সদস্য হিসেবে রয়েছেন বিদ্যালয়ের সাধারণ শিক্ষক সদস্য নিত্যানন্দ গোলদার এবং অভিভাবক সদস্য মেহেদী হাসান। নিত্যানন্দ গোলদার ১৯৯১ সালের ২ নভেম্বর বিদ্যালয়ে যোগদান করেন বলে জানানো হয়েছে।
কমিটি অনুমোদনের পর সকাল ১০টার দিকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত অ্যাসেম্বলিতে নতুন সভাপতি লাইজু আক্তারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কমিটির সদস্যরাও তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন শিকদারসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম. মুক্তার হোসেন মোল্লাও উপস্থিত ছিলেন। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। এম মুক্তার হোসেন মোল্লা বলেন, “নিলফা বয়রা উচ্চ বিদ্যালয় আমাদের এলাকার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে আমরা সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব। এ ছাড়া এলাকার সংসদ সদস্য এস এম জিলানীর মাধ্যমে বিদ্যালয়ের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়টি তুলে ধরা হবে।”
নতুন সভাপতি লাইজু আক্তার বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, নিলফা বয়রা উচ্চ বিদ্যালয়ের EIIN নম্বর ১০৯৬৫৯। বিদ্যালয়টি টুঙ্গিপাড়া, গোপালগঞ্জে অবস্থিত এবং ঢাকা শিক্ষা বোর্ডের অধিভুক্ত।