ময়মনসিংহের হালুয়াঘাটে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পরও প্রধান অভিযুক্তকে গ্রেফতার না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। দ্রুত আসামিকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার বিলডোরা ইউনিয়নের পূর্ব নিশচিন্তপুর (দিগারকান্দা) এলাকার সর্বস্তরের জনগণ এই কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে স্থানীয়রা জানান, সম্প্রতি মো. আলাল উদ্দিনের ১৭ বছর বয়সী প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে একই এলাকার মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় ১৫ আগস্ট মামলা দায়ের করা হয়। মামলা হওয়ার পর থেকেই অভিযুক্ত ও তার সহযোগীরা ভুক্তভোগী পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে, যার ফলে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে পরিবারটি।
বিক্ষোভ সমাবেশে স্থানীয় বাসিন্দা মাইন উদ্দিন অভিযোগ করে বলেন, “অভিযুক্ত রফিকুল ইসলাম এর আগেও এমন অপরাধ করেছে। তার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা—এই পরিচয়ের প্রভাব খাটিয়ে সে আগের ঘটনা ধামাচাপা দিয়ে বিদেশে পালিয়ে গিয়েছিল। পরবর্তীতে বিদেশ থেকে ফিরে এসে আবারও এমন জঘন্য অপরাধ ঘটিয়েছে। আমরা অবিলম্বে এই লম্পটকে গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানাচ্ছি।”
ভুক্তভোগী কিশোরীর বাবা মো. আলাল উদ্দিন বলেন, “ঘটনাটি জানার পরপরই আমি আত্মীয়স্বজনদের বিষয়টি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছি। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি। আমি আমার মেয়ের ওপর হওয়া নির্যাতনের সুষ্ঠু বিচার এবং আসামির দ্রুত গ্রেফতার চাই।”
মানববন্ধন শেষে ক্ষুব্ধ এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে অংশগ্রহণকারীরা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধর্ষণ কারিকে গ্রেফতার করে আইনের মুখোমুখি করার জোর দাবি জানান।