কুষ্টিয়ায় নিজ ঘরে পড়েছিল যুবকের গুলিবিদ্ধ লাশ, পিস্তল ও চিরকুট উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ায় আব্দুর রহমান উজ্জল (৩৫) নামে এক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (৮ জুন) সকালে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের তাহাজ মোড় এলাকায় তার বসতঘর থেকে পুলিশ লাশটি উদ্ধার করেছে।
লাশের পাশ থেকে একটি পিস্তল ও চিরকুট পাওয়া গেছে।
লাশের ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন পাটিকাবাড়ি ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এসএসআই) শামসুল হক। তিনি আরো জানান, মাথায় গুলিবিদ্ধ অবস্থায় লাশটি বিছানার ওপর পড়ে ছিল। স্থানীয়রা দরজা ভেঙে পুলিশকে খবর দেয়। লাশের পাশ থেকে একটি পিস্তল ও চিরকুট উদ্ধার করা হয়েছে।
নিহত আব্দুর রহমান উজ্জল পাটিকাবাড়ি ইউনিয়নের পাটিকাবাড়ি বাজার এলাকার মৃত ওসমান আলীর ছেলে। একটি বিস্কুট কোম্পানির পরিবেশক পদে চাকরির পাশাপাশি স্থানীয় বাজারে তার ফটোকপির দোকান ছিল। এবং একটি ক্ষুদ্র ঋণদান সমিতিও সে পরিচালনা করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাটিকাবাড়ি তাহাজ মোড় এলাকায় নিজ জমির উপর একটি টিনের ছাপড়া ঘরে একাই থাকতেন উজ্জল। রোববার সকালে ঘুম থেকে উঠতে দেরি করলে পরিবারের লোকজন তাকে ডাকতে যায়। ডাকাডাকি করে সাড়া না পেয়ে জানালা দিয়ে বিছানার উপর তার রক্তাক্ত লাশ দেখতে পান। পরে স্থানীয়রা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।
নিহতের স্বজনরা জানান, পারিবারিক কলহের জেরে পৈত্রিক বাড়ি থেকে একটু দূরে নিজ জমিতেই টিনের ছাপড়া ঘরে থাকতেন উজ্জল। প্রায় তিনমাস আগে বনিবনা না হওয়ায় তাঁর স্ত্রী একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে গেছে। এরপর থেকে ওই ঘরে উজ্জল একাই থাকতো। বেশ কিছুদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েন বলে স্থানীয়রা জানায়।
এ বিষয়ে কথা বলার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা ওসি শেখ মেহেদী হাসান জানান, মাথায় গুলিবিদ্ধ উজ্জলের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জব্দ হওয়া পিস্তল ও চিরকুট পরীক্ষা নিরিক্ষা করে দেখা হচ্ছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে নিশ্চিতভাবে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
জহুরুল হক