শুক্রবার ২৬ জুন পবিত্র ১০ মহররম তথা পবিত্র আশুরা উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর শহরের রায়েরচরস্থ মুসলেমউদ্দীন হুজুর মহিলা মাদ্রাসা ও নুর জামে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া মাহফিল এবং প্রায় ৫ হাজার ধর্মপ্রাণ মুসল্লি—নারী ও পুরুষের মাঝে মহিষের গোশতের বিরিয়ানি বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১০ মহররম) আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে জুমার নামাজ শেষে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল আলম রুজেন-এর পুত্র হাফেজ রাতুল। এরপর মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, দেশ ও জাতির কল্যাণ এবং মৃত মুসলমানদের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন মুসলেমউদ্দীন এতিমখানা ও ইফতাদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ মুসলেমউদ্দীন হুজুর। তিনি আশুরার তাৎপর্য তুলে ধরে বলেন, আত্মত্যাগ, ধৈর্য, ন্যায় ও সত্য প্রতিষ্ঠার শিক্ষা মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণীয়।
অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিলেন মুসলেমউদ্দীন হুজুর মহিলা মাদ্রাসা ও মসজিদের সহ-সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল আলম রুজেন। তাঁর উদ্যোগে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে সুশৃঙ্খলভাবে বিরিয়ানি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হাজী আসমত কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আ ক ম মোবারক আলী, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন, বাংলাদেশ মসকুটু কয়েল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মালেক মিয়া, সাবেক ছাত্র নেতা রিফাত হোসেন তন্ময়, সাংবাদিক ও মডেল আশরাফুল আলম এবং সাংবাদিক ইমন মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, আশুরা উপলক্ষে এমন ধর্মীয় আয়োজন মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দোয়া মাহফিল ও গণভোজে অংশ নিতে সকাল থেকেই মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সার্বিকভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্য, শৃঙ্খলা ও আন্তরিক আতিথেয়তার মধ্য দিয়ে পবিত্র আশুরার এ আয়োজন সম্পন্ন হয়। উপস্থিত মুসল্লিরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক ও ধর্মীয় উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।