কিশোরগঞ্জের অষ্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ মোঃ জামাল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ২৭ জুন রাতে উপজেলার খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়ন এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
গোপন সংবাদের ভিত্তিতে অষ্টগ্রাম থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়ন এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে মোঃ জামাল মিয়াকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ৮ কেজি ৬০০ গ্রাম গাঁজা।
গ্রেপ্তারকৃত জামাল মিয়া কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হোসেনপুর দক্ষিণহাটি গ্রামের মৃত সাইদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, এই ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় অষ্টগ্রাম থানায় একটি মামলা রুজু করা হয়েছে। যার এফআইআর নং-১৬ এবং জি আর নং-৮৫।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান বলেন মাদক ব্যবসায়ী কিংবা মাদক সেবনকারী—কাউকেই ছাড় দেওয়া হবে না। অষ্টগ্রাম থানাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে আমাদের এই কঠোর অভিযান চলমান থাকবে।”
অষ্টগ্রাম থানা পুলিশের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। এলাকা থেকে মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সচেতন মহলকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে প্রশাসন।