জলবায়ু সংকটে স্থানান্তরিত ও ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা বস্তিবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কের মূল ফটকের সামনে গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মানবধিকার কর্মী মাধব দত্তের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, গ্রীন কোয়ালিশনের সভাপতি আবু আফফান রোজ বাবু, নাগরিক নেতা সিদ্দিকুর রহমান, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, সাংবাদিক বেলাল হোসেন, বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি ইমতি জামিল, ইটাগাছা বস্তির বাসিন্দা জাহানারা খাতুন, রাজার বাগান ঋষিপাড়ার কুমারেশ সরদার, কামালনগরের সুমি আক্তার প্রমুখ।
মানববন্ধন বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় এলাকায় ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানছে।ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পাশাপাশি শহরের জলাবদ্ধতা দিন দিন তীব্র আকার ধারণ করছে। উপকূলের মানুষ ভিটেমাটি ছেড়ে শহরের বস্তিতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। সেখানে এসেও তারা খাদ্য ও কর্মসংস্থান সংকট, বাসস্থানের অভাব, বেকারত্ব, স্বাস্থ্য ঝুঁকিসহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। জলাবদ্ধতায় তাদের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ছে।
বক্তারা উপকূলীয় এলাকার জানমালের নিরাপত্তায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সুপেয় পানির সংকট দূরীকরণের পাশাপাশি নগরের জন্য সবুজ জলবায়ু তহবিল গঠন, নগরে নিরাপদ ও টেকসই ভোগ ও উৎপাদন নিশ্চিত করা, জলাবদ্ধতা দূরীকরণ ও বস্তিতে আশ্রয় নেওয়া জলবায়ু উপদ্রুত মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের দাবি জানান।