কিশোরগঞ্জ ও জামালপুর জেলার সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ ০৯ নান্দাইল আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখার এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব দেওয়া হয়। প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কর্মকাণ্ড তদারকি ও সমন্বয়ে ভূমিকা রাখবেন।
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচির তদারকি ও পরামর্শ প্রদানের দায়িত্বও থাকবে তাঁর ওপর। প্রয়োজনবোধে জেলার বিভিন্ন সভায় অংশ নিয়ে পরামর্শ দিতে পারবেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।