তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরী এমপি’র উদ্যোগে ও তাঁর মানবিক দূরদর্শিতায় ময়মনসিংহের নান্দাইলের হতদরিদ্র গৃহহীন ৩৬ পরিবার পেয়েছে মাথা গোঁজার ঠাঁই “স্বপ্নবাড়ি”। নবনির্মিত আধাপাকা মনোরম পরিবেশবান্ধব এসব “স্বপ্নবাড়ি” পেয়ে হতদরিদ্র গৃহহীন পরিবারের মাঝে আনন্দের বন্যা বইতে দেখা গেছে।
সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে,তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরীর পরিকল্পনায় গ্রামীন রক্ষণাবেক্ষণ কর্মসূচী(টি আর)প্রকল্পের আওতায় নান্দাইলের বিভিন্ন গ্রামের হতদরিদ্র গৃহহীন ৩৬ পরিবারের জন্য আধাপাকা মনোরম পরিবেশবান্ধব “স্বপ্নবাড়ি”নির্মাণ করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার মোয়াজ্জেমপুর ও সৈয়দগাঁও গ্রামের ৫টি হতদরিদ্র গৃহহীন পরিবারের মাঝে “স্বপ্নবাড়ি,র চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরী এমপি। উল্লেখিত “স্বপ্নবাড়ি” উদ্বোধনের মাধ্যমে পর্যায়ক্রমে নির্মিত ৩৬ টি “স্বপ্নবাড়ি”র চাবি হস্তান্তর করবেন।আরও জানা গেছে, চলতি বছরের মধ্যেই পর্যায়ক্রমে আরও ৯৮টি “স্বপ্নবাড়ি” অসহায় গৃহহীন পরিবারের জন্য নির্মাণ করে দেয়ার জন্য পরিকল্পনা রয়েছে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরী এমপি’র।
নতুন ঘর পাওয়া বিধবা হামিদা খাতুন আবেগে আপ্লূত হয়ে বলেন, এতদিন সন্তানদের নিয়ে ভাঙ্গা ঘরে থেকেছি।কোনদিন ভাবিনি এধরনের একটি সুন্দর পাকা ঘরে থাকতে পারবো।আজ আমাদের সন্তান মন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরীর চেষ্ঠায় নতুন ঘরের স্বপ্ন পূরন হয়েছে।আল্লাহ আমাদের নয়নের মনি মন্ত্রীকে আমার মত হতদরিদ্র গৃহহীন পরিবারের পাশে যাতে সারা জীবন থাকতে পারেন সে ক্ষমতা দিন।অপর “স্বপ্নবাড়ি”পাওয়া সবজি বিক্রেতা সবুজ মিয়ার সাথে কথা হলে তিনি বলেন,আমি আমার স্বপ্নের ঠিকানা পেয়েছি। আজ থেকে আর পরিবার পরিজন নিয়ে ঝড়বৃষ্টিতে ভাঙ্গা ঘরে ভিজতে হবে না।আমরা আজ আমাদের মন্ত্রীর কাছে চির কৃতজ্ঞ।সব সময় দোয়া করি, আমাদের মন্ত্রী সাহেব আমার মত অসহায় গৃহহীনদের সাহায্যে এভাবেই যেন সব সময় এগিয়ে আসতে পারেন।
”স্বপ্নবাড়ি”উদ্বোধন অনুষ্ঠানে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহিদ উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুবদল নেতা কামরুজ্জামান রাসেল, তথ্য প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সাদ্দাম হোসেন সহ প্রমুখ উপস্থিত ছিলেন।