ময়মনসিংহের নান্দাইলে এক প্রান্তিক কৃষকের প্রায় ৫০ শতক জমির শিমক্ষেত রাতের আধারে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে কৃষকের ৩/৪ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ভুক্তভোগী কৃষক উপজেলার সিংরইল ইউনিয়নের উল্লাপাড়া গ্ৰামের মৃত খোশেদ ব্যাপারীর পুত্র নিরীহ কৃষক বাবুল মিয়া জানান, দীর্ঘদিনের শ্রম ও অর্থ ব্যয় করে তিনি ওই জমিতে শিমের আবাদ করেছিলেন। ক্ষেতটিতে ফলনও ভালো হয়েছিল। কিন্তু হঠাৎ করে দুর্বৃত্তরা গতকাল রাতে আঁধারে ক্ষেতের শিমগাছ কেটে দেওয়ায় তার স্বপ্ন ও পরিশ্রম মুহূর্তেই নষ্ট হয়ে যায়।
কৃষকের দাবি, শিমক্ষেত নষ্ট হওয়ায় তিনি উৎপাদন খরচসহ সম্ভাব্য আয় থেকে বঞ্চিত হয়েছেন। এতে তার পরিবার আর্থিক সংকটে পড়ার আশঙ্কা রয়েছে।
ভুক্তভোগী কৃষক ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
স্থানীয় শহিদুল ইসলাম আশরাফুল ইসলাম ,ও আব্দুল গণি জানান, একজন প্রান্তিক কৃষকের ফসল নষ্ট করা অত্যন্ত দুঃখজনক। কৃষকের স্বার্থ রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও ঘটনার সুষ্ঠু তদন্ত প্রয়োজন যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।