রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের পার্বত্য জেলার রেকর্ডরুম শাখায় জমাবন্দির নকল উত্তোলনের আবেদনের সঙ্গে জাল ব্যাংক রশিদ দাখিলের অভিযোগে সানী চৌধুরী নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুম শাখা সূত্রে জানা যায়, সানী চৌধুরী, পিতা শঙ্কর চৌধুরী, জমাবন্দির নকল উত্তোলনের জন্য সংশ্লিষ্ট শাখায় একটি আবেদন দাখিল করেন। আবেদনের সঙ্গে তিনি ব্যাংকের একটি রশিদ সংযুক্ত করেন।আবেদন ও সংযুক্ত কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় রেকর্ডরুমের ডেপুটি কালেক্টর যুহাদ বিন খলিল সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে দাখিলকৃত রশিদটি যাচাই করেন। যাচাইয়ে রশিদটি জাল বলে প্রমাণিত হয়।এ বিষয়ে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সানী চৌধুরী ইতোপূর্বেও এ ধরনের জালিয়াতির ঘটনা ঘটিয়েছেন বলে স্বীকার করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জমাবন্দির নকল উত্তোলনের আবেদনের সঙ্গে জাল ব্যাংক রশিদ দাখিলের ঘটনাটি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর প্রযোজ্য ধারায় অপরাধ হিসেবে বিবেচিত হওয়ায় অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের উদ্দেশ্যে তাকে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।এ ঘটনায় জেলা প্রশাসনের রেকর্ডরুম শাখায় দাখিলকৃত নথিপত্র যাচাই-বাছাইয়ের গুরুত্ব আরও একবার সামনে এসেছে।