বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এ বছরের ডিসেম্বরের মধ্যেই দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সরকার অবশ্যই জনগণের কথা শুনতে এবং তাদের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান-অভিমান কিংবা রাগ-বিরাগের কোনো সুযোগ নেই।
তিনি বলেন, হুমকি-ধমকি উপেক্ষা করে নাগরিকদের সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে। প্রত্যেক নাগরিককে নিজের অধিকার প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার থাকতে হবে। দেশের জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের করুণার পাত্র নয়।
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের সাক্ষাতের একদিন পরই গতকাল রোববার (২৫ মে) বিকালে ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।
তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারপ্রধানের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো আবারও জাতীয় নির্বাচনের তারিখ তথা সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে। বিএনপির দাবি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।
তিনি বলেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের
প্রতি আমরা সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি। অন্তর্বর্তীকালীন সরকারপ্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে বলে আমি প্রত্যাশা রাখছি। এদিন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি’র ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান।