খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিজিবি দু’টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে । ১ ফেব্রুয়ারি রবিবার ভোরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট এলাকা থেকে আজিজুল (৩০) নামে অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। সে দৌলতপুর উপজেলার ইসলামপুর এলাকার তায়েজ উদ্দিনের ছেলে। স্থানীয়দের অভিযোগ, আজিজুল দীর্ঘদিন ধরে অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।
বিজিবি সূত্র জানায়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের সহিংসতা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়ন সহকারী পরিচালক জাকিরুল ইসলামের নেতৃত্বে বাগোয়ান কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ে স্থাপিত অস্থায়ী বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে আজিজুলের কাছ থেকে একটি পিস্তল, একটি দেশীয় শুটার গান, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক বাজারমূল্য এক লাখ ২০ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, বিজিবির অভিযানে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, নির্বাচনী সহিংসতা প্রতিরোধে বিজিবি অস্থায়ী ক্যাম্প স্থাপনসহ সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় অবৈধ অস্ত্রসহ একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক ও অস্ত্র পাচারসহ সব ধরনের চোরাচালান এবং অবৈধ কর্মকাণ্ড দমনে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত এলাকায় কঠোর অভিযান অব্যাহত থাকবে।