কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ছেলের ছুরিকাঘাতে এক অবসরপ্রাপ্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি, সাবেক বিডিআর) সদস্য নিহত হয়েছেন। রবিবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাতানীপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আব্দুল খালেক। তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একজন অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন। অভিযুক্ত তার ছোট ছেলে মানিক মিয়া (২৫)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে পারিবারিক একটি বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা একটি শাবল দিয়ে বাবার মাথায় আঘাত করেন মানিক।এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই আব্দুল খালেকের মৃত্যু হয়।
ঘটনা জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মানিক মিয়াকে গ্রেফতার করে।
নাগেশ্বরী থানার পুলিশ জানায়, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।